অনিয়মের অভিযোগ পেয়ে আকস্মিক গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি
21

মুন্সিগঞ্জ, ১ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ শুনে আকস্মিক পরিদর্শনে গেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভবেরচরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি। এ সময় হাসপাতালের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং জরুরি বিভাগ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ ও এম ইসহাক আলী, জেলা যুবদলের সদস্যসচিব মোজাম্মেল হক মুন্নাসহ স্থানীয় নেতারা।

হাসপাতালের জরুরি বিভাগে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. নুসরাত ফারজানা খান, ডা. কামরুন্নাহারসহ চিকিৎসক ও সংশ্লিষ্টরা।

পরিদর্শনকালে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের কাছ থেকে গজারিয়া উপজেলায় বিভিন্ন অনিয়মের বিষয়ে তিনি অবগত হয়েছেন।

তিনি বলেন, ‘যারা অনিয়মের সঙ্গে জড়িত, কাউকে ছাড় দেওয়া হবে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা নিতে আসেন। তাদের চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।’

হাসপাতালের চিকিৎসাসেবা ও কার্যক্রমে কোনো অনিয়ম বা অবহেলা থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ