মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চরম অব্যবস্থাপনা: হামে আক্রান্ত রোগীকে রাখা হয়েছে সাধারণ রোগীদের সঙ্গে
17

মুন্সিগঞ্জ, ২০ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে সংক্রামক রোগী ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। হামে আক্রান্ত এক নারী রোগীকে সংক্রামক রোগীদের জন্য নির্ধারিত আলাদা ওয়ার্ডে না রেখে সাধারণ রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। এতে হাসপাতালের অন্যান্য রোগী ও তাদের স্বজনদের মধ্যে সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে।

গতকাল রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় গিয়ে এ চিত্র দেখা যায়। সেখানে হামে আক্রান্ত সুবর্ণা আক্তার (২৫) নামে এক নারী রোগীকে সাধারণ রোগীদের পাশের বেডে চিকিৎসাধীন অবস্থায় দেখা যায়। তিনি সেখানে ৩ দিন ধরে আছেন।

তার স্বামী এসব তথ্য জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, হামে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। ওই ওয়ার্ডে খালি শয্যাও রয়েছে। এরপরও সুবর্ণা আক্তারকে সেখানে স্থানান্তর না করে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে।

এ বিষয়ে দায়িত্বরত এক ওয়ার্ড বয় জানান, হামের জন্য আলাদা ওয়ার্ডে মূলত শিশু রোগীদের রাখা হচ্ছে। রোগী নারী হওয়ায় তাকে সেখানে রাখা হয়নি।

তবে সংক্রামক রোগে আক্রান্ত একজন রোগীকে সাধারণ ওয়ার্ডে রাখার কারণে একই কক্ষে থাকা অন্যান্য রোগী ও স্বজনদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে গেলে কক্ষটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ‘হামে আক্রান্ত সব রোগীর জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড রয়েছে। এটি একটি সংক্রামক রোগ। একজনের কাছ থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই কোনোভাবেই হামে আক্রান্ত রোগীকে সাধারণ রোগীদের সঙ্গে রাখার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ’বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ