মুন্সিগঞ্জে পরিবেশ ছাড়পত্রহীন কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
মুন্সিগঞ্জ, ৭ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার উপজেলার কারপাশা-হলদিয়া এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের ছাড়পত্র ছাড়াই পরিচালিত ‘অপটিমাল ট্যাক অটোমেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ছানোয়ার হোসেন।
এ সময় পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক মোহাম্মদ সোহেল রানা উপস্থিত ছিলেন। এছাড়া লৌহজং থানার একদল পুলিশ সদস্য ও আনসার সদস্য অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।









