মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার সকল স্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধ করল প্রশাসন
মুন্সিগঞ্জ, ২৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। জরুরী প্রয়োজন হলে তারা শিক্ষকদের মোবাইল যাতে ব্যবহার করতে পারে সে নির্দেশনাও দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
জানতে চাইলে এর সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
তিনি জানান, গত ২৪ জুন অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএনও বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি কমানো, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অভিভাবকদের বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ওই চিঠির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।







