বার্সেলোনাতেই অবসর নেবে মেসি
লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ বার্সেলোনাতেই করবেন- বেশ আত্মবিশ্বাসের সঙ্গে এই ঘোষণা দিয়েছেন ক্লাবটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।
মেসির সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তিটি ২০১৮ সাল পর্যন্ত। কিন্তু এর মধ্যে মেসিকে পেতে আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ডের কয়েকটি শীর্ষ ক্লাব। সম্প্রতি স্পেনে মেসির কর সংক্রান্ত ঝামেলার পর অনেকেই তার বার্সেলোনা ছেড়ে যাওয়ার সম্ভাবনাও দেখছেন।
বার্তোমেউয়ের বিশ্বাস, সবকিছুর পর ২৮ বছর বয়সী আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড বার্সেলোনাতেই থাকবেন।
“লিও আর তার বাবা বলেছে, বার্সেলোনা ছাড়া তারা (মেসির) অন্য কোনো ক্লাবে খেলার বিষয় চিন্তা করতে পারে না।
সম্প্রতি এইট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, “পরিবারটির সঙ্গে (ক্লাবের) সম্পর্ক খুব ভালো। আমরা এখনও আলোচনার পর্যায়ে নেই। সময় আসলে এটা (চুক্তির বিষয়টি) উপস্থাপন করা হবে। আগামী তিন বছর পর্যন্ত তার চুক্তির মেয়াদ আছে।”
মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের প্রসঙ্গেও কথা বলেন বার্তোমেউ।
“স্পেনের কর ব্যবস্থা নিয়ে মেসি খুব রুষ্ট। তার কর পরামর্শক ভুল করে থাকলে অন্য সবার মতো তাদেরও তার মূল্য দিতে হবে। সবার শ্রদ্ধা পাপ্য মেসির।
মেসির মতো নেইমারেরও বার্সেলোনা ছেড়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে কথা উঠছে মাঝে মধ্যে। এ বিষয়ে বার্তোমেউ বলেন, “হ্যা, এটা তার চুক্তি নবায়নের মৌসুম। অবশ্যই আমরা আলোচনা দীর্ঘ না করার চেষ্টা করব এবং তার চুক্তি বাড়ানোর ঘোষণা দিতে পারব।”









