বন্ধু বানিয়ে মাওয়া ঘাটে ইলিশ খেতে ডেকে যুবকের মোটরসাইকেল-মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২
26

মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে টেলিগ্রামে পরিচয়ের সূত্র ধরে কোটিপতি হওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে এনে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম আজ দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ভুক্তভোগী মো. ইউনুচ শেখের বরাতে তিনি জানান, চাচাতো ভাই মো. সাকিব শেখ ও ইউনুচের সঙ্গে প্রায় ৬-৭ মাস আগে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ইয়াছিন মোল্লা (২১) নামের এক যুবকের পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

একপর্যায়ে ইয়াছিন মোল্লা সাকিবকে তাদের এলাকায় বেড়াতে আসা, মাওয়া ঘাটে ইলিশ খাওয়ানো এবং অনলাইনে কোটিপতি হওয়ার নানা প্রলোভন দেখাতে থাকে। পাশাপাশি একটি পুরাতন ল্যাপটপ বিক্রির প্রস্তাবও দেয়।

এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে ইউনুচ ও সাকিব একটি মোটরসাইকেলে করে শ্রীনগর এলাকায় আসে। মধ্যরাত প্রায় ১২টা ১৫ মিনিটে তারা মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ী ফ্লাইওভারের পশ্চিম ঢালে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ইয়াছিন মোল্লা, সজীব মোল্লা (৪৫) ও আল হাসিব (২২) তাদের পথরোধ করে।

এসময় আসামিরা ভুক্তভোগীদের মারধর করে এবং প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক নিয়ন্ত্রণে নেয়। পরে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন, নগদ টাকা, হেলমেট, পাওয়ার ব্যাংক, মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি কার্ডসহ বিভিন্ন মালামাল ছিনতাই করে। ছিনতাই শেষে আহত অবস্থায় তাদের ফেলে রেখে আসামিরা মোটরসাইকেল ও সিএনজিযোগে পালিয়ে যায়।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। এসআই মাইনুল হক খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছনবাড়ী এলাকা থেকে ইয়াছিন মোল্লা ও আল হাসিবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইয়াছিন মোল্লার কাছ থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল এবং আল হাসিবের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অপর আসামি সজীব মোল্লাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় ভুক্তভোগী মো. ইউনুচ শেখ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।