নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী আজ, মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠান বিকাল ৩টায়
মুন্সিগঞ্জ, ২ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ বাছাই ও গড়ে তোলার লক্ষ্যে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি।
আজ শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম থেকে এর উদ্বোধন করা হবে। এতে ভার্চুয়ালি যুক্ত থাকবে মুন্সিগঞ্জসহ দেশের ৬৪ জেলা।
মুন্সিগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠান বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। সভাপতিত্ব করবেন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্বোধনী আয়োজনের সঙ্গে দেশের অন্য ৬৩টি জেলা স্টেডিয়াম থেকেও বিপুলসংখ্যক প্রতিযোগী ভার্চুয়ালি যুক্ত হবেন।
কর্মসূচির মাধ্যমে ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, সাঁতার ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী, ২ থেকে ১০ মে পর্যন্ত ফুটবল, ৩ থেকে ৮ মে ক্রিকেট (মিরকাদিম পৌরসভার মিনি স্টেডিয়ামে), ২ থেকে ৫ মে কাবাডি, দাবা ও ব্যাডমিন্টন (ইনডোর স্টেডিয়াম), ৭ মে মার্শাল আর্ট ও সাঁতার এবং ৮ মে জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




