চোখে দেখতে পেতেন না সোহাগী, নদীতে গোসল করতে গিয়ে গেল প্রাণ
মুন্সিগঞ্জ, ২ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক দৃষ্টিহীন তরুণীর মরদেহ প্রায় ৪০ ফুট গভীর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছ গ্রামের পাশের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ওই তরুণী নিখোঁজ হন। পরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মরদেহ পাওয়া যায়।
নিহত তরুণীর নাম সোহাগী (১৯)।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোসল করতে নেমে সোহাগী নদীতে নিখোঁজ হওয়ার খবর পেয়ে কমলা ঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে যায়। পরে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়।
তিনি জানান, দীর্ঘ তল্লাশির পর ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যরা ধলেশ্বরী নদীর প্রায় ৪০ ফুট গভীর থেকে সোহাগীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, নদীতে গোসলের সময় অসাবধানতাবশত সোহাগী পানিতে তলিয়ে যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নৌ পুলিশ পরিচালনা করছে।









