গুরুতর অসুস্থ আব্দুল হাইকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন এমপি রতন
৩০৯

মুন্সিগঞ্জ, ২ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

গুরুতর অসুস্থ বিএনপির প্রবীণ নেতা, সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য আব্দুল হাইকে দেখতে রাজধানীর হাসপাতালে গেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

শুক্রবার রাতে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল হাইকে দেখতে যান এমপি রতন। এ সময় তাঁর স্ত্রী নুর-ই জান্নাত রোশনী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ আব্দুল হাই সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর বড় ছেলে ইফতেখারুল আলম রিপন বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জবাসীর কাছে তাঁর বাবার জন্য দোয়া চেয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন দিন আগে অসুস্থতা বেড়ে যাওয়ায় আব্দুল হাইকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগজনিত সমস্যা ও বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন এই প্রবীণ নেতা। এতদিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

আব্দুল হাই মুন্সিগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে অবিভক্ত ঢাকা-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে মুন্সিগঞ্জের আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে আরও চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় সরকার উপমন্ত্রীর দায়িত্বও পালন করেন। বিভিন্ন সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বেও ছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে দীর্ঘ অসুস্থতার কারণে আব্দুল হাইকে অনেকটাই শারীরিকভাবে দুর্বল অবস্থায় থাকতে হয়েছে।

২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন মো. কামরুজ্জামান রতন। তিনি ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচনের পর তিনি আব্দুল হাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুন্সিগঞ্জের উন্নয়নে তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার কথা বলেন।

হাসপাতালে আব্দুল হাইয়ের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁর চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এমপি রতন।

পরিবারের পক্ষ থেকে আব্দুল হাইয়ের দ্রুত সুস্থতার জন্য মুন্সিগঞ্জবাসীসহ সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ