কাল মুন্সিগঞ্জে নাগরিক সমাবেশে বক্তব্য রাখবেন মামুনুল হক
মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নাগরিক সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।
বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিকেল ৩টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জেলার সব সড়ক দ্রুত মেরামত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ মাহবুবুল হক, সংসদ সদস্য মাওলানা মুফতী মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং সংসদ সদস্য মুফতী সাইদ উদ্দিন আহমদ হানজালা।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতী নুর হোসাইন নুরানী। সঞ্চালনা করবেন দলটির মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওয়ালি উল্লাহ হাসান। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।









