গজারিয়ায় দিনভর অভিযানে দুটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস
মুন্সিগঞ্জ, ২৩ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত দুটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন পূর্বক কারখানা দুটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কতৃপক্ষ।
কারখানা দুটিতে প্রতি মাসে অন্তত ৬০ লক্ষ টাকার গ্যাস অবৈধ উপায়ে ব্যবহার করা হতো বলে জানিয়েছে তারা।
আজ সোমবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে এই অভিযান।
সকালে অভিযানের শুরুতে মানাবে ওয়াটার পার্কের বিপরীত পাশে পুরান বাউশিয়া এলাকায় একটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন পূর্বক কারখানাটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বিকালে বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় বাগানের ভেতর নির্মাণ করা একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন পূর্বক কারখানাটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয় তিতাস।
অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেট হিসাবে উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।
অভিযান শেষে তিনি বলেন, ‘গ্যাস রাষ্ট্রীয় সম্পদ যা অবৈধভাবে বা চুরি করে ব্যবহার করা অপরাধ। আজ আমরা গজারিয়া উপজেলার দুটি এলাকায় অভিযান চালাই। এসময় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত দুটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’
তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, ‘গত কয়েক মাস ধরে আমরা গজারিয়া উপজেলায় অভিযান চালাচ্ছি। চক্রটি অভিযানের পর পর নতুনভাবে কখনো কৌশল পরিবর্তন করে নতুন কোন জায়গায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কারখানা চালু করে ফেলে। আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। আজ গজারিয়া উপজেলার দুটি স্থানে অভিযান পরিচালনা করে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কারখানা দুটিতে প্রতি মাসে অন্তত ৬০ লক্ষাধিক টাকার গ্যাস চুরি করা হতো।’
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।






