ইউপি নির্বাচন: শ্রীনগরে ৬২৬ জন প্রার্থীর মনোনয়ন জমা
মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।
এই নির্বাচনে ১৪ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬১ জন, সাধারণ ওয়ার্ডে ৪৩৯ এবং সংরক্ষিত ওয়ার্ডে আসনের ১২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল রোববার (১৭ অক্টোবর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের জন্য মোট ৬২৬ জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলামের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে বাড়ৈখালী ৩ জন, হাঁসাড়া ৪ জন, বীরতারা ৪ জন, ষোলঘর ৫ জন, শ্রীনগর ৩ জন, শ্যামসিদ্ধি ৪ জন, বাঘড়া ৬ জন, ভাগ্যকুল ৫ জন, রাঢ়িখাল ৫ জন, কোলাপাড়া ৪ জন, পাটাভোগ ৪ জন, আটপাড়া ৪ জন, তন্তর ৬ জন ও কুকুটিয়া ইউনিয়ন থেকে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো গতকাল ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।




