আলু থেকেই লাখপতি! মুন্সিগঞ্জে উদ্যোক্তাদের নিয়ে জমজমাট সমাবেশ
মুন্সিগঞ্জ, ১৮ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
আলুর বহুমুখী ব্যবহার ও কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “আলুর বহুমুখী ব্যবহার, সম্ভাবনার নতুন বাংলাদেশ বিষয়ক উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ-২০২৬”।
আজ সোমবার (১৮ মে) জেলা প্রশাসন, মুন্সিগঞ্জ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ মুন্সিগঞ্জের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ উদ্যোক্তা উন্নয়ন সমাবেশ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় তারা উদ্যোক্তাদের তৈরি আলুভিত্তিক বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং স্থানীয় পর্যায়ে কৃষিভিত্তিক উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সমাবেশে বক্তারা বলেন, আলুর প্রক্রিয়াজাতকরণ ও বহুমুখী ব্যবহারের মাধ্যমে দেশে বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। তারা আলুভিত্তিক শিল্প গড়ে তুলতে সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




