অনলাইনে সাইবার প্রতারণার শিকার হলে যেভাবে যোগাযোগ করবেন সিআইডির সাথে
61

মুন্সিগঞ্জ, ১৯ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ফেসবুক আইডি হ্যাক, ছবি বা ভিডিও ব্যবহার করে নোংরা কনটেন্ট তৈরি, বিকাশ বা নগদে প্রতারণা, ভুয়া চাকরির অফার, অনলাইন ব্ল্যাকমেইল কিংবা পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার হুমকির মতো সাইবার অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে।

এসব ঘটনার শিকার হলে দেরি না করে সরাসরি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার শাখার একমাত্র হটলাইন নম্বর ০১৩২০০১০১৪৮-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

​সিআইডি হেডকোয়ার্টার্সের এডিশনাল স্পেশাল এসপি শামীম আনোয়ার (বিসিএস, পুলিশ) জানান, সাইবার সংক্রান্ত যেকোনো সমস্যায় সিআইডির এই একটিমাত্র নম্বরই অফিশিয়াল হটলাইন। এটি ব্যতীত অনলাইনে বা অফলাইনে পাওয়া অন্য কোনো নম্বরকে বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, অনেক মানুষ সমস্যায় পড়ার পর প্রকৃত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে না গিয়ে ফেসবুক কমেন্টের “আইটি এক্সপার্ট”, “রিকভারি মাস্টার” কিংবা ইনবক্সে সাহায্যের প্রস্তাব দেওয়া অচেনা লোকদের বিশ্বাস করে দ্বিতীয় দফায় প্রতারিত হন। এসব ভুয়া চক্র নিজেদের “আন্তর্জাতিক সাইবার স্পেশালিস্ট”, এফবিআই-এর কর্মী কিংবা ভুয়া সিআইডি-পুলিশ পরিচয় দিয়ে মানুষের আতঙ্ককে পুঁজি করে। এরপর OTP চাওয়া, ইমেইল-পাসওয়ার্ড নেওয়া, বিকাশে টাকা পাঠানো বা রিমোট অ্যাপ ইনস্টল করানোর মতো নতুন ফাঁদ পাতে।

শামীম আনোয়ার স্পষ্ট জানিয়ে দেন, সত্যিকারের তদন্তকারী সংস্থা কখনো ইনবক্সে এসে গোপনে টাকা বা ব্যক্তিগত পাসওয়ার্ড চায় না, কিংবা “আগে টাকা দিন, পরে উদ্ধার” টাইপ কথাবার্তা বলে না।

অনেকে লোকলজ্জা বা ভয়ের কারণে ঘটনা গোপন রাখেন উল্লেখ করে তিনি বলেন, এই নীরবতাই প্রতারকদের আরও শক্তিশালী করে তোলে। আপনি অভিযোগ না করলে একই প্রতারক হয়তো পরের দিন আরেকজনের সর্বনাশ করবে।

তাই সাইবার অপরাধের মুখোমুখি হলে কোনো ভুয়া অনলাইন “হেল্পার”-এর কাছে না গিয়ে সরাসরি সিআইডির সাইবার শাখার হটলাইনে যোগাযোগ করে আইনি সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ