মুন্সিগঞ্জে পুকুর-সড়ক থেকে একদিনে চারজনের মরদেহ উদ্ধার
৩৬৩

মুন্সিগঞ্জ, ২ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়ায় পৃথক ঘটনায় একদিনে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শ্রীনগরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক স্কুলছাত্রী ও কচুরিপানায় ভরা পুকুর থেকে এক মৃগী রোগীর মরদেহ উদ্ধার করা হয়। সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধ নারী এবং গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

শ্রীনগর থানার পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্যবাঘড়া এলাকা থেকে সামিয়া (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সামিয়ার বাবা-মা দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে তার সামনে ঝগড়া করতেন। তাদের ঝগড়া বন্ধ করতে সামিয়া একাধিকবার অনুরোধ করলেও তারা তা উপেক্ষা করতেন। এ নিয়ে মানসিক কষ্ট থেকে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, বিকেল ৫টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের একটি কচুরিপানায় ভরা পুকুর থেকে স্বপন শেখ (৫০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাড়ৈখালী গ্রামের মৃত মরণ শেখের ছেলে। স্বপন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বুধবার এশার নামাজের সময় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন স্বপন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের তাছির শেখের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

এদিকে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৭৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে মরদেহটি জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, একই দিন দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় ইউটার্নে কুমিল্লামুখী লেনে অজ্ঞাত একটি যানবাহনের চাপায় বিল্লাল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন।

নিহত বিল্লাল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার ‘মদিনা ইলেকট্রনিকস’ নামে একটি দোকান রয়েছে। দোকানের পণ্য আনতে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন তিনি। তিনি তিন সন্তানের জনক।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার আরশাদ কবির তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক খন্দকার আরশাদ কবির বলেন, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার পরই বিল্লালের মৃত্যু হয়।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, দুর্ঘটনার পর ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ