১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:৫২
৩ বছরে আড়াই হাজার কোটি টাকা আয় করেছে পদ্মা সেতু
খবরটি শেয়ার করুন:
79

মুন্সিগঞ্জ, ২৭ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত পদ্মা সেতুতে যান চলাচলের ৩ বছর পূর্তি হয়েছে গতকাল। ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুতে শুরু হয় যান চলাচল।

এরপর তিন বছরে টোল আদায় হয়েছে আড়াই হাজার কোটি টাকার বেশি। পারাপার হয়েছে এক কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৯২টি যানবাহন।

পদ্মা সেতু ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন হলেও পরদিন ২৬ জুন সেতুতে যান চলাচল শুরু হয়। পরের বছর ২০২৩ সালের ১০ অক্টোবর পদ্মা সেতুর রেলপথ উদ্বোধন হয়।

পদ্মা সেতু হয়ে চালু হয় ঢাকা-ভাঙ্গা নতুন রেল নেটওয়ার্ক। আর ২০২৪ সালের ২৪ ডিসেম্বর পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্প পুরোপুরি চালু হয়। এদিন রাজধানী থেকে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা হয়ে নতুন পথে নড়াইল ও যশোর অতিক্রম করে খুলনা পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে।

রাজধানী থেকে মাত্র সাড়ে ৩ ঘণ্টায় খুলনা ও বেনাপোল পৌছানো যাচ্ছে।

২০২২ সালের ডিসেম্বর পায়রা ও রামপালের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয় পদ্মা সেতু প্রকল্পের আওতায় নির্মাণ করা খুঁটি ব্যবহার করে।

বাংলাদেশ সেতু কতৃপক্ষ সূত্রে জানা যায়, সেতু চালুর তিন বছরে পারাপার হয়েছে এক কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৯২টি যান। এর মধ্যে মাওয়া দিয়ে প্রবেশ করে ৯৬ লাখ ৭১ হাজার ১১২ টি যান। আর ৯৮ লাখ ৫৮০টি যান জাজিরা প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করে। মাওয়া থেকে ১ লাখ ২৯ হাজার ৪৬৮টিরও বেশি যান জাজিরা প্রান্ত দিয়ে প্রবেশ করে পদ্মা সেতু অতিক্রম করে।

গত ৫ জুন পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার টোল আদায় হয়েছে।  এই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়। পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায় ও যানবাহন পারাপারের নতুন রেকর্ড এটি।

এর আগে ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতুর যান চলাচলের শুরুর  দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপারের রেকর্ড ছিল। আর ২০২৪ সালের ৯ এপ্রিল ঈদুল ফিতরের আগে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, সেতু চালুর প্রথম বছর ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা।

দ্বিতীয় বছর ৬৮ লাখ ১ হাজার ৩৭৪টি যানের বিপরীতে টোল পাওয়া যায় ৮৫০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০ টাকা।

তৃতীয় বছর ২৫ জুন রাত ১২টা পর্যন্ত ৬৯ লাখ ৯৫ হাজার ২২৯টি যান পারাপারে টোল আদায় হয় ৮৬১ কোটি ২২ লাখ ১৮ হাজার ৮৫৯ টাকা।

পদ্মা সেতু ৬ দশমিক ১৫ কিলোমিটারের দীর্ঘ। তবে অ্যাপ্রোচসহ এর দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার। সেতুর নিরাপত্তাসহ ট্রাফিক আইন মেনে পদ্মা সেতুতে যানবাহনের নির্বিঘ্ন চলাচলে সম্প্রতি সেতু এবং দুই প্রান্তের সড়ক জুড়ে অত্যাধুনিক ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এছাড়া বর্তমান সরকার সেতুতে যানবাহনের গতি বৃদ্ধি করে দুই পারের এক্সপ্রেসওয়ের মতোই ঘণ্টায় সর্বোচ্চ গতি করে দিয়েছে ৮০ কিলোমিটার।