সিরাজদিখানে মন্দিরের গেইট নির্মাণকে কেন্দ্র করে মারধর, পূজা বন্ধ ঘোষনা
সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মন্দিরের গেইট নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের রড ও লাঠির আঘাতে ভবন দাস (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় মন্দির কমিটি দূর্গা পূজা বন্ধের ঘোষণা দিয়েছে ।
বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার ইছাপুরা বাজার চৌরাস্তায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় একই গ্রামের মৃত তাহের হাওলাদারের ছেলে আব্দুল হাকিম হাওলাদারের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা হয়েছে।
আহত ভবন দাসকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ঢাকা মিটফোের্ডে পাঠানো হয়েছে। সে ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের মৃত আনন্দ দাসের ছেলে এবং ইছাপুরা সার্বজনীন দূর্গাপুজা কমিটির সহ-সভাপতি ও সিরাজদিখান পুজা উদযাপন পরিষদের আহব্বায়ক কমিটির সদস্য। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, বাড়ি ও মন্দিরের সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে মন্দিরের জমিদাতা মৃত বিনোদ দত্তের পরিবারের সাথে প্রতিবেশী একই গ্রামের মৃত তাহের হাওলাদারের ছেলে আব্দুল হাকিম হাওলাদার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।
চলমান এ বিরোধ আদালতের মাধ্যমে নিস্পত্তি হলেও মৃত তাহের হাওলাদারের ছেলে আব্দুল হাকিম হাওলাদার ওরফে নান্নু হাওলাদার তা মানতে নারাজ।
আসন্ন দূর্গাপুজা উপলক্ষে গেইট নির্মাণ করতে গেলে হাকিম হাওলাদার বৃহস্পতিবার ইছাপুরা চৌরাস্তায় নিরঞ্জনের মিষ্টির দোকানের সামনে একা পেয়ে ইছাপুরা সার্বজনীন মন্দির কমিটির সহ-সভাপতি ভবন দাসকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত। আহত ভবন দাসকে প্রথমে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
ইছাপুরা সার্বজনীন দূর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী কমল কৃষ্ণ পাল বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রধান দূর্গাপূজাকে বন্ধ করার জন্য পরিকরিল্পত ভাবে ভবন দাসকে মারধর করেছে। মামলায় হেরে গিয়েও মন্দিরের পুজার সময় গেইট করতে বাধা দিয়ে সাম্প্রদায়িক শক্তির ব্যবহার করেছে।
হাকিম হাওলাদার মন্দিরের জায়গার মূল মালিক মৃত বিনোদ দত্তের ১৩২ শতাংশ জায়গা ২০ বছর যাবৎ জবর দখল করে রেখেছে। এর সঠিক বিচার না হলে এবার দূর্গাপুজা বন্ধ থাকবে।
এ ব্যাপারে আব্দুল হাকিম হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) মো. ইয়ারদৌস হাসান জানান, ইছাপুরা ইউনিয়নে মন্দিরের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে ভবন দাস আহত হয়েছে। এব্যাপারে বৃহস্পতিবার রাতে অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। তদন্ত চলছে, প্রতিপক্ষ পালিয়েছে।


