শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন
মুন্সিগঞ্জ, ৪ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে শ্রীনগর শাখার সামনে ‘ভুক্তভোগী গ্রাহক ও সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহকরা।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখার ক্যাশ অফিসার মো. শরিফুজ্জামান সোহাগ বিভিন্ন কৌশল ও প্রলোভনের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ করেছেন। অনেক গ্রাহকের হাতে টাকা জমা দেওয়ার রসিদ থাকলেও পরবর্তী সময়ে ব্যাংকের হিসাব-নথিতে সেই অর্থের তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
সাম্প্রতিক সময়ে এ ঘটনায় শ্রীনগর শাখায় শত শত গ্রাহক ভিড় করে তাদের আমানতের হিসাব যাচাই ও টাকা ফেরতের দাবি জানান। অন্তত ২১৩ জন থেকে আড়াই শতাধিক গ্রাহকের লিখিত অভিযোগ রয়েছে ব্যাংকের কাছে।
আত্মসাৎ করা অর্থের পরিমাণ ২০ থেকে ২৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর পাইকপাড়া এলাকায় বোনের বাড়ি থেকে ক্যাশ কর্মকর্তা শরিফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ এক লাখ পঁচিশ হাজার টাকা, চেক বই, ব্যাংকের লকার উদ্ধার হয়। পরদিন তাকে পাঠানো হয় আদালতে।
এদিকে, ঘটনাটি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। অগ্রণী ব্যাংকের মুন্সিগঞ্জ অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত ও যাচাই-বাছাই শেষে বৈধ আমানতকারী গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, তারা ব্যাংকের ওপর আস্থা রেখে কষ্টার্জিত অর্থ জমা রেখেছিলেন। এখন সেই অর্থ ফেরত পাওয়া নিয়ে তারা অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় রয়েছেন। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং গ্রাহকদের আমানতের টাকা ফেরতের দাবি জানান তারা।
ভুক্তভোগী গ্রাহক ও সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়, দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।








