লৌহজংয়ের গোয়ালিমান্দ্রায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ একজনকে ধরলো ডিবি
মুন্সিগঞ্জ, ২৯ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ের আলোচিত মাদকের হটস্পট গোয়ালিমান্দ্রায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ আল-আমিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার (২৯ জুন) বিকালে পশ্চিম গোয়ালীমান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য নিশ্চিত করেন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল পশ্চিম গোয়ালীমান্দ্রা এলাকার কুব্বত আলীর বাড়ির পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় আল-আমিনকে ২১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল-আমিন ফরিদপুর জেলার নগরকান্দা থানার ঝাটুকদা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি বর্তমানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা পশ্চিমপাড়া এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।









