মোল্লাকান্দিতে রিপনের নৌকায় ভোট চাইলেন মহিউদ্দিন
মুন্সিগঞ্জ, ২৩ নভেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রিপন হোসেনের নৌকা প্রতীকে ভোট চেয়েছেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
আজ বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার ঈদগাহ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ।
মহিউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, রিপন হোসেন পাটোয়ারীকে দল মনোনয়ন দিয়েছে। জেলা আওয়ামী লীগের সব নেতাকর্মীরা তার পক্ষে রয়েছে। ২৮ নভেম্বর স্বতঃস্ফূর্তভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন।
মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক আব্দুর রহমান জীবন প্রমুখ।


