মুন্সিগঞ্জ শহরে ৫০০ ইয়াবাসহ ৬ মামলার আসামি নারায়ণগঞ্জের চনপাড়ার বিল্লাল গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরে ইয়াবা সরবরাহ করতে এসে ৫০০ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেন (৫৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার বিল্লালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে শহরের মানিকপুর এলাকায় সদর হাসপাতাল থেকে মুক্তারপুরগামী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে একটি দল মানিকপুরের ১০ তলা ভবনের পূর্ব পাশে তামিম স্টোরের সামনে অভিযান চালায়। এ সময় বিল্লাল হোসেনকে আটক করে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।









