মুন্সিগঞ্জে সরকারি জমি ভরাটে বাধা দেয়ায় ভূমি কর্মকর্তাকে মারধর: মামলা-বহিস্কারেও গ্রেপ্তার হয়নি দুই যুবদল নেতা
14

মুন্সিগঞ্জ, ২৫ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে সরকারি খালের জমি ভরাটে বাধা দেওয়ায় ভূমি অফিসের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে মারধর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার একদিন পর তাঁদের দল থেকে বহিষ্কার করা হলেও আজ শুক্রবার পর্যন্ত পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারেনি।

বহিষ্কৃত দুই নেতা হলেন শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ ও সদস্য অনিক ইসলাম অভি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে প্রজাতন্ত্রের কর্মচারীর কর্তব্যকাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে ২১ সেপ্টেম্বর দুপুরে শ্রীনগর-দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়নের দামলা এলাকায় সরকারি খালের জমি ড্রেজার দিয়ে ভরাট করার অভিযোগ ওঠে। খবর পেয়ে ভরাটকাজ বন্ধ করতে সেখানে যান ভূমি অফিসের দুই কর্মচারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে রাঢ়ীখাল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আরিফ হোসেন খান ও ভূমি অফিসের পিয়ন সুজন ঘটনাস্থলে গিয়ে সরকারি জমি ভরাট বন্ধ করতে বলেন। এ সময় নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভি সরকারি কাজে বাধা দেন বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে তাঁরা ভূমি অফিসের ওই দুই কর্মচারী এবং তাঁদের বহনকারী অটোরিকশার চালক সোহেলকে মারধর করে আহত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ভরাটকাজে বাধা দিলে ভূমি অফিসে গিয়ে তাঁদের খুন-জখম করার হুমকি দেওয়া হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে সেখানে থাকা ড্রেজারটি বিনষ্ট করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ও ভূমি অফিসের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর শ্রীনগর থানায় নিয়মিত মামলা করা হয়। মামলার নম্বর ২১(৯)/২৬।

মামলার বিষয়ে জানতে নুরুল ইসলাম পার্থ ও অনিক ইসলাম অভির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, ‘ঘটনাটি নিয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ