মুন্সিগঞ্জ: রাতে স্বামীর সাথে ঘুমিয়ে ছিলেন, ভোরে ঝুলতে দেখা গেল সিলিং ফ্যানের সাথে
মুন্সিগঞ্জ, ২২ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে স্বাভাবিকভাবেই স্বামীর পাশে ঘুমাতে গিয়েছিলেন জিলহজ আক্তার (২৮)। কিন্তু ভোরের আলো ফোটার আগেই দেখা গেল ঝুলছেন সিলিং ফ্যানের সাথে।
আজ সোমবার ভোরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের একটি ভাড়া বাসায় সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায় তিন সন্তানের জননী এই গৃহবধূকে।
নিহত জিলহজ আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার কামরুল হাসানের স্ত্রী। গত ৭-৮ বছর ধরে কামরুল হাসান মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় একটি খাবারের হোটেলে বাবুর্চির কাজ করেন।
নিহতের স্বামী কামরুল হাসানের দাবি, এনজিও থেকে নেওয়া প্রায় তিন লাখ টাকার ঋণের কিস্তি পরিশোধের জন্য কর্মীরা বাড়িতে নিয়মিত চাপ দিচ্ছিল। সেই চাপ ও অপমান সইতে না পেরে মাত্র এক সপ্তাহ আগে জিলহজ আক্তার সন্তানদের নিয়ে কুমিল্লা থেকে পালিয়ে তাঁর কাছে (মুন্সিগঞ্জে) চলে আসেন।
কামরুল হাসান দাবি করেন, রোববার রাতে তাঁরা একসাথে খাবার খেয়ে ঘুমিয়েছিলেন, কিন্তু ভোরে হঠাৎ জেগে উঠে দেখেন তাঁর স্ত্রী ফ্যানের সাথে ঝুলছেন। পরে তাঁর দেওয়া সংবাদে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


