মুন্সিগঞ্জে কবুতর চুরির অপবাদে বর্বর কায়দায় শিশু নির্যাতন, অভিযুক্ত আটক
767

মুন্সিগঞ্জ, ২২ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে কবুতর চুরির সন্দেহে বর্বর কায়দায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে বুকের উপর উঠে পা দিয়ে পাড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ওই শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে, এ ঘটনায় ভিডিওতে থাকা মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

মুন্সিগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজিব দে আটকের তথ্য নিশ্চিত করেন।

আটককৃত বাবু (৪০) সদর উপজেলার রামপাল ইউনিয়নের দক্ষিণ দেওসার নয়াবাড়ি এলাকার মৃত মঞ্জু মিয়ার পুত্র।

ভুক্তভোগী শিশু মো. নিরব (১৩) একই এলাকার নাজিম শেখের পুত্র ও স্থানীয় সুখবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

ছেলে নিরবকে মারধরের ঘটনায় সদর থানায় গত ১৫ ডিসেম্বর দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পিতা নাজিম শেখ। গতকাল রোববার (২২ ডিসেম্বর) এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতে নিজ বসতবাড়ি থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ।

থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়, মারধরের শিকার শিশু ও অভিযুক্তরা উভয়ই কবুতর লালনপালনে জড়িত। গত ১৩ ডিসেম্বর রাত ৮টার দিকে দেওসার এলাকায় অভিযুক্ত বাবুর বাড়িতে নিজের হারানো কবুতর খুঁজতে যায় শিশু নিরব। এসময় বাবু (৪০) ও আরফাত (২৫) পুরোনো আক্রোশের জেরে নিরবকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর কিল-ঘুষি, লাথি ও লোহার ডান্ডা দিয়ে মারধর করে। একপর্যায়ে তারা শিশুটির বুকের ওপর উঠে পা দিয়ে চাপ দেয় এবং মাথা দেওয়ালে ঠুকে দেয়।

নিরব ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা খবর দেন। পিতা নাজিম শেখ ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার ছেলেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তিনি প্রশ্ন করলে অভিযুক্তরা তাকেও হুমকি দেন। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

১৪ ডিসেম্বর সকালে অভিযুক্তরা আবার নাজিমের বাড়িতে গিয়ে থানায় মামলা করলে ছেলেকে খুন করে লাশ গুম করার হুমকি দেন বলে অভিযোগ।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, এ ঘটনায় ভিডিওতে থাকা ব্যক্তিটিকে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ