২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:৩২
মুন্সিগঞ্জে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খবরটি শেয়ার করুন:
352

মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ৫টি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

আজ বৃহস্পতিবার বিকেলে এসব প্রতিষ্ঠানের নতুন ভবন ও উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সিরাজদিখানের ৫টি প্রতিষ্ঠানে আজ উন্নয়ন কাজের সূচনা করেন উপদেষ্টা। প্রতিষ্ঠানগুলো হলো: ১. কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। ২. কুসুমপুর উচ্চ বিদ্যালয়: চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। ৩. ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়: বিদ্যমান একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ। ৪. বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ: নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। ৫. রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়: চার তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।

দেশের আগামী নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “দেশের জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কেউ বাধা দিয়ে নির্বাচন আটকে রাখতে পারবে না। নির্বাচন ভালোভাবেই অনুষ্ঠিত হয়ে যাবে।” তিনি আরও যোগ করেন, রাজনৈতিক দলগুলো যদি অসুস্থ প্রতিযোগিতার পরিবর্তে সহাবস্থানে থাকে, তবে তা দেশের জন্য আরও মঙ্গলজনক হবে।

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের জনগণকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে উপদেষ্টা বলেন, ওই ঘটনার মূল আসামি এখনো গ্রেফতার না হলেও তার সহযোগীদের চিহ্নিত করা হয়েছে এবং ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।