মুন্সিগঞ্জে হোটেল থেকে বাদামি-নীল চোখের পার্সিয়ান বিড়াল নিখোঁজ, থানায় অভিযোগ
99

মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলায় একটি খাবারের হোটেল থেকে দামী একটি পার্সিয়ান জাতের বিড়াল নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যেরবাগ এলাকার বাসিন্দা সোয়াদ (২১) বণিক্যপাড়া এলাকায় তার মালিকানাধীন একটি খাবারের হোটেলে একটি পার্সিয়ান বিড়াল লালন-পালন করতেন।

তিনি গত ৭ মার্চ ২০২৬ তারিখে শখ করে প্রায় ১৮ হাজার টাকা দিয়ে সাদা রঙের ওই বিড়ালটি ক্রয় করেন। বিড়ালটির একটি চোখ বাদামি এবং অপর চোখ নীল রঙের ছিল।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৭ এপ্রিল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি হোটেল তালাবদ্ধ করে বিড়ালটিকে ভেতরে রেখে বাড়িতে চলে যান। পরদিন ৮ এপ্রিল ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে তার পিতা দোকানে এসে বিড়ালটিকে খাবার দেন।

কিন্তু একই দিন সকাল ৯টার দিকে সোয়াদ দোকানে এসে বিড়ালটিকে আর খুঁজে পাননি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে বিড়ালটি দোকানের সামনে খেলছিল। এরপর কিছুক্ষণ পর থেকেই বিড়ালটিকে আর দেখা যায়নি।

ভুক্তভোগীর দাবি, ওই সময় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা বিড়ালটিকে চুরি করে নিয়ে গেছে বলে তিনি ধারণা করছেন। আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পরও বিড়ালটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় দেরিতে হলেও মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ