মুন্সিগঞ্জে সড়ক ও নৌ দুর্ঘটনায় ২৭ দিনে নিহত ২১
মুন্সিগঞ্জ ২৪ ডিসেম্বর, ২০১৯, কাজী সাব্বির আহমেদ দীপু (আমার বিক্রমপুর)
চলতি বছর ২২ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ২৭ দিনে মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন এবং মেঘনা নদীতে নৌ দুর্ঘটনায় এক যাত্রী ও তিন শ্রমিক মারা যান।
এদিকে ১১ ডিসেম্বর ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে হারেস হোসেন ও আক্তার তম্বি নামের এক স্কুলছাত্রী নিহত হয়।
৬ ডিসেম্বর সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের কেয়টখালী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় চাচা নিতাই কর ও ভাতিজা সাগর কর নিহত হন।
গত ২৭ নভেম্বর ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের কেয়টখালী এলাকায় স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসচাপায় সামাদ মিয়া নামের এক পথচারী নিহত হন।
এর আগে ২২ নভেম্বর বরযাত্রী নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ১০ জন নিহত হন।
পরদিন ২৩ নভেম্বর মহাসড়কের নিমতলা এলাকায় বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মিলন শেখ।
পরে ওই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ সভাপতি কবির হোসেন শেখ মারা যান।
অন্যদিকে, ১৮ ডিসেম্বর মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্ক্হেড ডুবে আসলাম, মান্নান ও এমদাদ নামের তিন শ্রমিক নিখোঁজের পর ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
এর আগে ৬ ডিসেম্বর রাতে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের অদূরে চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে মোহাম্মদ হুমায়ুন নামের এক যাত্রী নিহত ও ১৫ যাত্রী আহত হন বলে জানান কলাগাছিয়া নৌ-ফাঁড়ির পরিদর্শক মো. মোস্তাফিক।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেন, অদক্ষ চালক, দ্রুত গতিতে গাড়ী চালানো এবং বিপরীতমুখী যানবাহন আসতে দেখে গাড়ী নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়াসহ একাধিক কারণে জেলার দুই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। নৌ-দুর্ঘটনা ঘটেছে রাতের বেলায় কুয়াশার কারণে পথ দেখতে না পেয়ে।


