মুন্সিগঞ্জে স্কুলের সামনে ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড
মুন্সিগঞ্জ, ২ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মো. সালাউদ্দিন (২২) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আহসান হাবিব।
দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন সদর উপজেলার হান্নান সরদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে সালাউদ্দিন মৌখিক ও শারিরীক যৌন হয়রানি করেন।
স্থানীয়রা খবর পেয়ে তাকে আটকে প্রশাসনকে খবর দিলে পরে তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।









