মুন্সিগঞ্জে সার ডিলারদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতার দাবি ‘ফান্ড গঠনের’
১৮৩

মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে সরকার কতৃক নিয়োগ পাওয়া ১৩ সার ডিলারের কাছে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টুর বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, সার ডিলার নিয়োগে অনিয়ম-অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ বন্ধ রাখার উদ্দেশ্যে এ টাকা দাবি করা হয়েছে। এরই মধ্যে কয়েকজন ডিলার টাকা দিয়েছেন বলে জানা গেছে। তবে এখনো পুরো টাকা আদায় হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সার ডিলার জানান, উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩ জন ডিলারের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে চাওয়া হয়েছে।

সম্প্রতি সার ডিলার নিয়োগে গোডাউনের শর্ত না মানাসহ বিভিন্ন অনিয়ম নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

এরই জেরে এ বিষয়ে যেন আর সংবাদ প্রকাশ না হয়, সে উদ্দেশ্যেই টাকা দেওয়ার কথা বলা হয়েছে বলে তাঁদের অভিযোগ।

অভিযোগের বিষয়ে পাঁচগাঁও ইউনিয়নের সার ডিলার কাইয়ুম ফকির বলেন, ‘সেন্টু আমার কাছেও টাকা চেয়েছে। এখনো দিইনি, তবে দেব।’

এ বিষয়ে হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ জামান এপোলোর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি সেন্টু দেখবে বলেছে। এ বিষয়ে তিনি সরাসরি কথা বলবেন।’

অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা। ১৩ জন ডিলারের মধ্যে ১১ জনের উপস্থিতিতে আমরা একটি ফান্ড গঠনের কথা বলেছি।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা বলেন, এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ