মুন্সিগঞ্জে সরকারি যাকাত ফান্ডের ১ লাখ ৩৬ হাজার টাকা বিতরণ
মুন্সিগঞ্জ, ১৬ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ২০২৫–২৬ অর্থবছরে বিতরণের জন্য সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জের সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন মুন্সিগঞ্জের উপপরিচালক মো. সাহাবুদ্দীন, মুন্সিগঞ্জ সদর জামে মসজিদের পেশ ইমাম আবরারুল হক হাতেমীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংগৃহীত সরকারি যাকাত ফান্ডের অর্থ মোট ২১ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়। এর মধ্যে ২০ জনকে ৬ হাজার ৫০০ টাকা করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা এবং একজনকে ৬ হাজার ৮০০ টাকা প্রদান করা হয়। সর্বমোট ১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ করা হয়।
সভায় যাকাতের অর্থের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। জেলা যাকাত কমিটির নির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সঠিক উপকারভোগীর তালিকা প্রণয়ন এবং যাকাতের অর্থ যথাযথভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী পবিত্র রমজান মাসে যাকাতের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।


