মুন্সিগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জ, ১৬ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার নলবুনিয়াকান্দি গুদারাঘাট এলাকায় রজতরেখা নদীতে গোসল করতে নেমে আবির হোসেন (১৫) নামে ওই কিশোর নিখোঁজ হয়।
জানা যায়, চার বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আবির হোসেন পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসে ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। পরদিন আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রায় ২০ ফুট পানির নিচ থেকে আবির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আবির হোসেন মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার বাড়ি সদর উপজেলার সৈয়দপুর এলাকায়। তিনি মো. আক্তার হোসেনের ছেলে।





