৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:১৬
মুন্সিগঞ্জে যুবকের পেটে রড ঢুকিয়ে দিলো দুর্বৃত্তরা
খবরটি শেয়ার করুন:
61

মুন্সিগঞ্জ, ২৮ জানুয়ারি, ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মোটরসাইকেলের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা লাগার জের ধরে মুন্সিগঞ্জ পৌরসভায় মোহাম্মদ আলী ভূঁইয়া (৩০) নামে এক যুবকের পেটে রড ঢুকিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার রাত ৭ টার দিকে পৌরসভার খাসকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত জখম অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত যুবক সদরের চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমুশুরা গ্রামের ইদ্রিস আলী ভূঁইয়ার ছেলে।

যুবক মোহাম্মদ আলী ভূঁইয়ার চাচাতো ভাই মাসুদ ভূঁইয়া জানান, জেলা শহর থেকে মোটরসাইকেলে করে যুবক আলী ও তার ছোট ভাই ইকরাম ভূঁইয়া নিজ বাড়ি চরমুশুরা গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে খাসকান্দি এলাকায় দ্রুত গতির একটি অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটি বাঁধলে অটোরিকশার কয়েকজন যাত্রী ছোট ভাই ইকরামকে মারধর করতে থাকে। এতে যুবক মোহাম্মদ আলী এগিয়ে গেলে এক পর্যায়ে পেটে রড দিয়ে আঘাত করে। এতে রড পেটের ভেতর ঢুকে যায়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শৈবাল বসাক জানান, সুচালো বস্তুর আঘাতে আহতের পেট ছিদ্র হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সদর থানার ইন্সপেক্টর তদন্ত মো. আনসার উজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে দুর্বৃত্তদের এখনও শনাক্ত করা যায়নি। যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।