২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৮:৪৭
মুন্সিগঞ্জে ‘ভূমিকথা’ কুইজ প্রতিযোগিতা: সেরা অর্পা, চ্যাম্পিয়ন হলদিয়া উচ্চ বিদ্যালয়
খবরটি শেয়ার করুন:
231

মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ভূমি ব্যবস্থাপনা এবং সচেতনতা বিষয়ে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন, মুন্সিগঞ্জ এর আয়োজনে ‘ভূমিকথা’ পুস্তিকার ওপর জেলা পর্যায়ে চূড়ান্ত কুইজ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় একক কুইজে টংগিবাড়ী উপজেলার জুবাইদা খাতুন অর্পা প্রথম স্থান অর্জন করেন এবং দলগত চ্যাম্পিয়ন হয় লৌহজং উপজেলার হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।

এদিন সকাল ১১টায় লিখিত কুইজ প্রতিযোগিতার মাধ্যমে জেলা পর্যায়ের চূড়ান্ত পর্ব শুরু হয় এবং পরবর্তীতে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় দলগত কুইজ প্রতিযোগিতা।

দিনব্যাপী এই আয়োজনে ডকুমেন্টারি প্রদর্শনী, ভূমি বিষয়ক নাটিকা, অনুভূতি প্রকাশ, অতিথিবৃন্দের বক্তব্য এবং সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জেলা প্রশাসন, মুন্সিগঞ্জ কর্তৃক প্রকাশিত ‘ভূমিকথা’ নামক একটি ছোট্ট পুস্তিকা প্রকাশের মাধ্যমে জেলাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভূমি বিষয়ক মৌলিক জ্ঞান ও ভূমি সেবা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ এই পুস্তিকাটি সাধারণ নাগরিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের জন্য উপযোগী। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত চলতি বছরের মে মাসে এই পুস্তিকাটি প্রকাশের পরিকল্পনা করেন এবং আগস্ট মাসে বইটি প্রকাশিত হয়। এরপর জেলার ছয়টি উপজেলার প্রায় ১০ হাজার নবম শ্রেণির শিক্ষার্থীকে বিনামূল্যে এটি বিতরণ করা হয়। শিক্ষার্থীদের ভূমিসচেতন করার এই প্রয়াসে প্রত্যেক উপজেলায় একক ও দলগত কুইজ প্রতিযোগিতা আয়োজন করার ঘোষণা দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায়, উপজেলা পর্যায়ের বিজয়ী সকল শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ১৫ নভেম্বর জেলা পর্যায়ে চূড়ান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

লিখিত কুইজ (একক) প্রতিযোগিতায় টংগিবাড়ী উপজেলার আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুবাইদা খাতুন অর্পা ৫০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৪৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়। লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তৌছিফ আহমেদ ৪৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান এবং লৌহজং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হাবিবা আক্তার ৪৪ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন। তাদেরকে যথাক্রমে ১৫ হাজার ও ১০ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট দেওয়া হয়। এছাড়া, চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে প্রাইজবন্ড পুরস্কার হিসেবে দেওয়া হয়। অন্যদিকে, দলগত কুইজ প্রতিযোগিতায় সমগ্র জেলার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লৌহজং উপজেলার হলদিয়া সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয়। চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয় স্থান অর্জন করে টংগিবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে সিরাজদিখান উপজেলার মালখানগর হাই স্কুল। এই দুটি দলকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকার প্রাইজবন্ড ও ক্রেস্ট দেওয়া হয়।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ভূমির সাথে আমরা সকলেই সম্পর্কে আবদ্ধ। আমাদের অসংখ্য মানুষ ভূমি সংক্রান্ত সমস্যায় জর্জরিত এবং অধিকাংশ দেওয়ানি ও ফৌজদারি মামলার উৎপত্তি হয় ভূমি থেকে। এই বিষয়গুলো মাথায় রেখেই মূলত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভূমিসচেতন করা এবং আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন থেকেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি, পর্যায়ক্রমে বাংলাদেশের সর্বস্তরে এরূপ ভূমিসচেতনতামূলক উদ্যোগ আরও বিস্তৃত আকারে গ্রহণ করা হবে।’

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন প্রাণবন্ত ও আকর্ষণীয় কুইজ আয়োজন এবং মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়নের জন্য জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বেশি বেশি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।