মুন্সিগঞ্জে ব্যানারে বিএনপি নেতার নাম দেয়া নিয়ে বিদ্যালয়ে ঢুকে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন
[addtoany]
30

মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার চাঠাতীপাড়া শেখ কাবেল আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতির নাম রাখাকে কেন্দ্র করে বিদ্যালয়ে ঢুকে ম্যানেজিং কমিটির সভাপতি ও তার লোকজনকে কুপিয়ে জখম করার অভিযোগ এনে এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম জহির বেপারী অভিযোগ করেন, গত শুক্রবার (১৭ এপ্রিল) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে একটি ব্যানারে উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিকের নাম দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

তিনি দাবি করেন, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিমের ছত্রছায়ায় নিষিদ্ধ সংগঠন পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আজাহার শেখ, যুবলীগ নেতা জাফর শেখ ও আওলাদ খন্দকারসহ তাদের অনুসারীরা সংঘবদ্ধভাবে এ হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

জহিরুল ইসলাম জহির বেপারী বলেন, “শিক্ষার্থীদের একটি আনন্দঘন অনুষ্ঠানকে ঘিরে এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এতে শিক্ষাঙ্গনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।”

সংবাদ সম্মেলন থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে এলাকায় শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, একইদিন বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলাকালে হামলাকারীরা ম্যানেজিং কমিটির সভাপতির ভাতিজা সাব্বির বেপারী ও রায়হান বেপারীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় টংগিবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।