মুন্সিগঞ্জের শ্রীনগর: দিনে পাম্পে দেয়া হয়নি তেল, রাতে জানা গেল দাম বেড়েছে ১৫-২০ টাকা
[addtoany]
14

মুন্সিগঞ্জ, ১৮ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি ফিলিং স্টেশনে দিনভর জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার হরপাড়া এলাকার ‘শ্রীনগর ফিলিং স্টেশন’-এ গিয়ে দেখা যায়, পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি পুরোপুরি বন্ধ রয়েছে। এ সময় স্টেশনে কোনো কর্মকর্তা-কর্মচারীকেও উপস্থিত পাওয়া যায়নি।

হঠাৎ করে জ্বালানি বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যানবাহন চালক, কৃষক ও সাধারণ গ্রাহকরা। অনেকেই তেল নিতে এসে ফিরে যেতে বাধ্য হন। তবে কেন এ পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্টেশন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, দিন শেষে রাতেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা আসে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার, যা শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা। এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

নতুন সমন্বয়ে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, ফলে লিটারে ১৮ টাকা বেশি গুণতে হবে। অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, যা লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, এতে লিটারে ১৯ টাকা বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপণ্যের দামে। ফলে সাধারণ ভোক্তাদের ওপর নতুন করে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।