মুন্সিগঞ্জে বসতঘরে অভিযানে যুবকের কাছ থেকে ২০৪ বোতল ফেনসিডিল পেল ডিবি
মুন্সিগঞ্জ, ১০ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে বসতঘরে অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেন্সিডিলসহ মো. জালাল উদ্দিন ওরফে সৌরভ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া পালেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ডিবির এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল নজরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া জালাল উদ্দিনের টিনশেড কক্ষ তল্লাশি চালায়।
তল্লাশিকালে একটি কাপড়ের হাতলযুক্ত ব্যাগ থেকে ১৩৬ বোতল, আরেকটি ব্যাগ থেকে ৫৯ বোতল এবং একটি প্লাস্টিকের চটের বাজারের ব্যাগ থেকে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা মোট ফেন্সিডিলের সংখ্যা ২০৪ বোতল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা।
গ্রেপ্তার জালাল উদ্দিনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার জয়রামপুর (মল্লিকপাড়া) গ্রামে। তিনি বর্তমানে শ্রীনগরের হাঁসাড়া এলাকায় ভাড়া থাকতেন।
এ ঘটনায় শ্রীনগর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।


