মুন্সিগঞ্জে ফেনসিডিলের বিকল্প ৬ লাখ টাকার ইস্কাফসহ দুইজনকে ধরেছে ডিবি
মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ১৬০ পিস ইস্কাফসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, জব্দ করা ইস্কাফের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা।
আজ সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার বণিক্যপাড়া এলাকায় মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মুরছালিন (২৮)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। অপরজন মুন্সিগঞ্জের গণকপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে সাহাবুদ্দিন (৪০)।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ডিবির এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল বণিক্যপাড়ার ওসমান ঢালী অটো ওয়ার্কশপের সামনে অভিযান চালায়। এ সময় ওই দুই ব্যক্তিকে আটক করে তাঁদের কাছ থেকে ১৬০ পিস ইস্কাফ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








