মুন্সিগঞ্জে নিজ বসতঘরে মিললো দুই বছরের শিশুর নিথর মরদেহ, সন্দেহে পাঠানো হলো পোস্টমর্টেমে
5

মুন্সিগঞ্জ, ২ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের দক্ষিণ চাইনপাড়া গ্রামে আলিফা (২) নামে এক শিশুকন্যার রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হওয়ায় মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আলিফা উপজেলার দক্ষিণ চাইনপাড়া গ্রামের রিফাত শেখের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশুটির দাদি সোনিয়া তাকে ঘুম পাড়িয়ে বাড়ির পাশে পাট আনতে যান। কিছুক্ষণ পর শিশুটির বাবা রিফাত শেখ ঘরে গিয়ে দেখেন, আলিফা কোনো সাড়া দিচ্ছে না। পরে দ্রুত তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর স্বজনরা মরদেহ নিয়ে বাড়ি ফিরে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ পোস্টমর্টেমের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়।

পুলিশ জানায়, শিশুটির জন্মের প্রায় দেড় মাস পর পারিবারিক কলহের জেরে তার মা রীমা আক্তার স্বামীর বাড়ি ছেড়ে কুমিল্লায় বাবার বাড়িতে চলে যান। প্রায় তিন মাস আগে তিনি আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন। তদন্তের অংশ হিসেবে পারিবারিক বিরোধের বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

শিশুটির বাবা রিফাত শেখ বলেন, আমার মেয়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পোস্টমর্টেমের প্রতিবেদন ও তদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ