মুন্সিগঞ্জে নিখোজের চারদিন পর মিশুক চালকের লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ, ১৯ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নিখোঁজের তিনদিন পর মুন্সিগঞ্জে ব্যাটারিচালিত মিশুক চালক মোঃ তুহিন বেপারির (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার মোঃ মামুন বেপারির ছেলে। একই এলাকার বন্ধু মেহেদী (১৫) ভাড়ায় চালিত মিশুক চালাতে গিয়ে নিখোঁজ হয়েছিল সে।
শুক্রবার (১৯ জুন) দুপুর ২ টার দিকে বাংলাবাজার ইউনিয়নের ভোতারচর এলাকার মেঘনার শাখা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করে পুলিশ।
নিহতের বাবা মোঃ মামুন জানান, গত মঙ্গলবার একই এলাকার তার বন্ধু তুহিনের মিশুক নিয়ে বের হয় মেহেদী। এরপর থেকেই আর খোজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার শিলই এলাকার ডোবার পাশ থেকে তার লাশ পাওয়া যায়। এছাড়া মিশুকটি শিলই এলাকা থেকে মালিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে নিয়ে আসে বলে জানা গেছে।.
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, নিখোঁজের তিনদিন পর মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ পাওয়া যায়। গলিত অবস্থায় মরদেহে আঘাতের চিহ্ন শনাক্ত করা যাচ্ছেনা। এই ঘটনায় মালিক, প্রকৃত চালক ও মালিকের ভাতিজা অপর গ্যারেজ মালিকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সদর থানায় নিখোঁজের স্বজনরা সাধারণ ডাইরি করেছে। পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





