মুন্সিগঞ্জে করোনা টেষ্টের ল্যাব বসাতে কাজ চলছে- কল্লোল
মুন্সিগঞ্জ, ৫ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে মুন্সিগঞ্জে করোনা পরীক্ষার ল্যাব বসানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল।
এছাড়া মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনকে করোনা টেষ্ট ল্যাবের জন্য ব্যবহার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। শীঘ্রই এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন করবেন।
আজ মঙ্গলবার (৫ মে) ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য জানান তিনি।
কল্লোল করোনা টেষ্ট ল্যাব স্থাপনের জোড় দাবি জানিয়ে বলেন, মুন্সিগঞ্জ করোনা আক্রান্ত জেলার মধ্যে শীর্ষে রয়েছে। মফস্বল শহর হওয়ায় এখানে দ্রুত করোনা ছড়িয়ে পড়ছে। জেলা সিভিল সার্জনের তথ্য মতে আজ পর্যন্ত আক্রান্ত ১৯৭। দ্রুত আক্রান্ত রোগীদের চিন্হিত করতে পারলে আক্রান্ত কমে আসবে। তাই অবিলম্বে মুন্সিগঞ্জে করোনা টেষ্ট ল্যাব স্থাপনে ব্যবস্থা নিতে হবে।
সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘যেহেতু রাজনীতি করি মুন্সিগঞ্জের মানুষের স্বার্থের কথা সবকিছুর উর্ধ্বেই চিন্তা করি। আজ আমার দাবি এটা একার না পুরো মুন্সিগঞ্জের মানুষের তাবি এটি। সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে। অনেক সংগঠন আজ এই দাবিতে সোচ্চার হয়েছে। যদি এর জন্য রাজপথে নামতে হয় সবার আগে আমি নামবো।’
তিনি বলেন, ‘যে দাবি আমরা তুলেছি এটা কিন্তু বাস্তবসম্মত। ঢাকার পাশে জেলা মুন্সিগঞ্জ অর্থনৈতিকভাবে অধিক গুরুত্বপূর্ণ। মুন্সিগঞ্জ থেকে সরকার প্রচুর টাকা ট্যাক্স পায় তাই আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি।
সাবেক এই ছাত্রনেতা বলেন, আর যেসব তথাকথিত শিল্পপতিরা সারাজীবন মুন্সিগঞ্জের মানুষের জমি-জায়গা দখল-দূষণ করেছে তাদের বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তোলার এখনই সময়। তারা মানুষকে চুষে খাবে কিন্তু প্রয়োজনের সময় উপকারে আসবে না এসব বরদাস্ত করা যায়না।
মাহতাব উদ্দিন কল্লোল বলেন, মুন্সিগঞ্জের মানুষের প্রয়োজনে মানব সেবার তরে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ পদক্ষেপ নিতে সদা প্রস্তুত রয়েছি।
উল্লেখ্য, দেশে ১৪টি ল্যাবরেটরিতে (পরীক্ষাগার) কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষা চলছে। এর মধ্যে ঢাকায় নয়টি ও ঢাকার বাইরে পাঁচটি ল্যাব রয়েছে।


