মুন্সিগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৫ হাজার শিক্ষার্থী
37

মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা মঙ্গলবার শুরু হয়েছে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় জেলায় প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এসময় তিনি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

জেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এবার জেলায় এসএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী সংখ্যা ১৫ হাজার ২৩৯ জন। এর মধ্যে এসএসসিতে ১২ হাজার ৬১৮ জন, দাখিলে ১ হাজার ৩৮৫ জন, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ হাজার ১৫৪ জন, দাখিল (ভোকেশনাল) ৪২ জন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ৪০ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলার ছয়টি উপজেলার ৩২টি মূল কেন্দ্রের ৩৬টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এসএসসির জন্য ১৮টি মূল কেন্দ্রের ২২টি ভেন্যু, দাখিলে ৫টি কেন্দ্র, এসএসসি (ভোকেশনাল) ৭টি কেন্দ্র এবং অন্যান্য বিভাগে পৃথক কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

প্রথম দিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।