মুন্সিগঞ্জে এসএসসির প্রথম দিন অনুপস্থিত ১১৬ জন, সিসিটিভিতে ৩২ কেন্দ্রে নজরদারি
26

মুন্সিগঞ্জ, ২১ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) মুন্সিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

তিনি জানান, জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে জেলার ৩২টি কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার জেলায় এসএসসি, দাখিল (মাদ্রাসা) ও ভোকেশনাল মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১২ হাজার ৬৪২ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১২ হাজার ৫২৬ জন এবং অনুপস্থিত ছিল মোট ১১৬ জন।

এর মধ্যে এসএসসিতে মোট পরীক্ষার্থী ১০ হাজার ২৮৪ জন, উপস্থিত ১০ হাজার ২১৩ জন এবং অনুপস্থিত ৭১ জন।

মাদ্রাসা বোর্ডের দাখিলে মোট ১ হাজার ২৪০ জনের মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ২০৯ জন, অনুপস্থিত ৩১ জন।

ভোকেশনাল শাখায় মোট ১ হাজার ১১৮ জনের মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ১০৪ জন এবং অনুপস্থিত ১৪ জন।

প্রশাসনের কঠোর তদারকি ও কার্যকর ব্যবস্থাপনার ফলে পরীক্ষাকেন্দ্রগুলোতে সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ বজায় ছিল।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।