১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১০:৫০
মুন্সিগঞ্জে এনসিপির প্রার্থীর জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী
খবরটি শেয়ার করুন:
216

মুন্সিগঞ্জ, ২০ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের ৩টি সংসদীয় আসন থেকে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন ২৩ জন। তবে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন ৪ জন।

মুন্সিগঞ্জ ২ আসনটি দশ দলীয় জোট থেকে এনসিপির জন্য বরাদ্দ রাখায় এ আসনের জামায়াত প্রার্থী এবিএম ফজলুর করিম মঙ্গলবার বিকালে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এ আসনে এনসিপির প্রার্থী মাজেদুল ইসলাম।

এছাড়া একই কারনে মুন্সিগঞ্জ ৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন, খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী, ২ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আমিনুল ইসলাম।

অন্যদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে মুন্সিগঞ্জ ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সরাফত আলী সপু। তিনি স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এসব তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় জানায়, জেলায় বিএনপি থেকে ৩ জন, জামায়াত ও এনসিপি থেকে ১ জন করে দুইজন এবং স্বতন্ত্র থেকে ২ জনসহ ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তফসিল অনুযায়ী, কাল তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।