মুন্সিগঞ্জে অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন করায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ
মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সংবাদ সম্মেলন করায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রুহুল আমিন। সংবাদ সম্মেলনে তিনি শাহ সিমেন্ট ফ্যাক্টরি, মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিসহ বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ করেন।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারই মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা স্বাক্ষরিত নোটিশে পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন মাধ্যমে জানা গেছে, রুহুল আমিন কতিপয় বিষয়ের ওপর সংবাদ সম্মেলন করেছেন। এতে ‘বিব্রতকর পরিস্থিতির’ উদ্ভব হয়েছে। তবে কী কারণে এবং কী উদ্দেশ্যে তিনি সংবাদ সম্মেলন করেছেন, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অবহিত নয়।
নোটিশে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে কর্মরত থেকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া প্রচারমাধ্যমে কথা বলার সুযোগ তাঁর আছে কি না, তা জানা প্রয়োজন। যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে কোন ক্ষমতাবলে সংবাদ সম্মেলন করেছেন, সে বিষয়ে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
মো. রুহুল আমিন মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।








