মুন্সিগঞ্জের সবচেয়ে বেশি সময় জনপ্রতিনিধি থাকা সাবেক এমপি মহিউদ্দিন আহমেদের মৃত্যু
মুন্সিগঞ্জ, ১০ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
৫ বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ৩ বার উপজেলা চেয়ারম্যান ও সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসন থেকে এমপি হিসাবে নির্বাচিত হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন আহমেদ (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মহিউদ্দিন আহমেদের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তারা জানান, কাল সকাল ১১ টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে কাজীরবাগ নিজ গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন হবে।
তিনি মহান মুক্তিযুদ্ধে জেলার অন্যতম সংগঠক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।
মহিউদ্দিন আহমেদ মালখানগর ইউনিয়ন পরিষদে ৫ বার চেয়ারম্যান, সিরাজদিখান উপজেলা পরিষদে ৩ বার চেয়ারম্যান ও সবশেষ মুন্সিগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন তিনি। এর মধ্যে কয়েকটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়।




