মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে প্রবাসীর ঘরে ঢুকে গুলিতে পিতা-পুত্র আহত, অভিযুক্ত আটক
মুন্সিগঞ্জ, ২ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে ব্যবসায়ীক পূর্ব বিরোধের জেরে এক প্রবাসীর ঘরে ঢুকে গুলি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে এক সৌদি আরব প্রবাসী গুলিবিদ্ধ ও তার ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মূল অভিযুক্ত আরেক সৌদি আরব প্রবাসী মো. রাকিবকে (৩৮) অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।
সোমবার মধ্যরাত আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর এলাকায় গুলির ঘটনা ঘটে। পরে মঙ্গলবার বেলা ১১ টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৌদি আরবে দুই প্রবাসীর দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটেছে। এর সাথে জড়িত অন্যদেরও অভিযান চালিয়ে আটকের চেষ্টা চলছে।
জানা গেছে, গুলিবিদ্ধ সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলামকে (৩৫) রাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। অপর আহত রফিকুল ইসলামের ছেলে দিহান ইসলামকে (১২) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আটক সৌদি আরব প্রবাসী রাকিব একই এলাকার খালেক বেপারীর পুত্র।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, রাত ৩ টার দিকে হাত, পা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। একইসাথে ১২ বছরের আরেক ছেলের শরীরের বিভিন্ন অংশে জখম থাকায় তাকেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
গুলিবিদ্ধ সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী সঙ্গিতা বেগম জানান, রাতে আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম। এমন সময় বাইরে থেকে দরজা ভেঙে ২ জন ঘরে ঢুকে পরে। বাইরে পাহাড়ায় আরও দুইজন ছিলো। ঢুকেই তারা আমার স্বামীকে লক্ষ্য করে গুলি করতে থাকে। আমার স্বামীর বুকসহ একাধিক জায়গায় গুলি লাগে। তাদের উদ্দেশ্য ছিলো মেরে ফেলা। আমার স্বামী তাদের নাম জানে, তবে অপারেশন থিয়েটারে থাকায় এখন বলতে পারতেছে না। আমার ছোট ছেলেকেও ওরা রেহাই দেয়নি। চাপাতি দিয়ে কুপিয়েছে পায়ে।








