মুন্সিগঞ্জে ৬ দিন ধরে দুই সন্তানসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের
৩৪

মুন্সিগঞ্জ, ১০ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে দুই সন্তানসহ সুমাইয়া আক্তার (২৯) নামের এক প্রবাসীর স্ত্রী গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় সন্ধান চেয়ে টংগীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজের বাবা মো. আবজাল দেওয়ান।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে টংগীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের নিতিরা গ্রামের রবিউল বেপারীর ছেলে সিঙ্গাপুর প্রবাসী মো. অন্তর বেপারীর (৩৮) সাথে যশলং ইউনিয়নের নয়াদিঘীরপাড় গ্রামের মো. আবজাল দেওয়ানের মেয়ে সুমাইয়া আক্তারের পারিবারিক ও ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়।

তাদের দাম্পত্য জীবনে ইমাত হোসেন নামের এক ছেলে এবং মুচকান আক্তার (৪) নামের এক মেয়ে রয়েছে।

গত ৪ অক্টোবর (রোববার) রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে সুমাইয়া আক্তারের সাথে তার প্রবাসী স্বামীর মনোমালিন্য ও ঝগড়া হয়। বিষয়টি সুমাইয়ার শ্বশুড়বাড়ির লোকজন তার বাবা আবজাল দেওয়ানকে জানালে, তিনি মুঠোফোনে কল দিয়ে মেয়েকে শাসন করেন।​

পরদিন ৫ অক্টোবর (সোমবার) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাবার শাসন ও স্বামীর ওপর রাগ-অভিমান করে দুই সন্তানকে নিয়ে নিতিরা গ্রামের স্বামীর বসতবাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান সুমাইয়া। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেননি।
​

ঘটনার পর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি।

পরবর্তীতে পরিবারের স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে নিখোঁজ গৃহবধূর বাবা টংগীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন।

নিখোঁজ সুমাইয়া আক্তার ও তার সন্তানদের কোনো সন্ধান পাওয়া গেলে পরিবারের দেয়া যোগাযোগের নম্বরে (০১৩০০৭৪১৪৬৫) অথবা নিকটস্থ টংগীবাড়ী থানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ