মুন্সিগঞ্জের মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
7

মুন্সিগঞ্জ, ১৩ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মো. আশরাফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, আশরাফুল মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামমুখী লেনে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা লং ভেহিকেল পেছন থেকে তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গাড়িটির চাকায় পিষ্ট হন। দুর্ঘটনায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

স্থানীয় চা দোকানি রহিজ উদ্দিন বলেন, ‘চোখের পলকে বড় লরি গাড়িটি মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল চালক গাড়িটির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।’

পরে খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ আশরাফুলকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরশাদ কবির বলেন, দুপুর ১টা ৩৫ মিনিটে পুলিশ ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

ভবেরচর হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, খবর পাওয়ার পরপরই ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ