মুন্সিগঞ্জের চরাঞ্চলে অভিযানে বন্দুক-গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১
৫৯

মুন্সিগঞ্জ, ২২ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ইয়াসিন সরদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে খাসকান্দি এলাকায় ইয়াসিন সরদারের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখার এসআই রাশেদ মুন্সির নেতৃত্বে এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালায়।

পুলিশ জানায়, অভিযানে ইয়াসিন সরদারের দখল থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, কাঠের বাটযুক্ত একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ, একটি ধারালো রামদা ও দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইয়াসিন সরদার খাসকান্দি এলাকার বাসিন্দা। তিনি আলকেস সরদার ও রোকসানা বেগমের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় পৃথক এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম নিশ্চিত করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ