মুন্সিগঞ্জের গোয়ালিমান্দ্রা বেদে পল্লীতে অভিযান, মাদকসহ আটক ৬
মুন্সিগঞ্জ, ৪ জুন ২০২৬, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা বেদে পল্লীতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পরিচালিত সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযানে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসকের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি দল অংশ নেয়।
অভিযান চলাকালে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া আরও একজনকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়েছে।
আটককৃতরা হলেন, আসসাদুল (২০), রাকিজুল (৩০), তাসলিমা আক্তার (৪০), শাকিনূর (২৬), লিমা বেগম (২২) ও লামিয়া (২০)। আরেক অভিযুক্ত জুয়েল মিয়া (৩৫) পলাতক রয়েছেন।
আটককৃতদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সিগঞ্জের উপপরিচালক মো. লুৎফর রহমান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, র্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর মুন্সিগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর চার্লস।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধে ২টি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









